বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে প্রবাসী বিনিয়োগ আরও সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে উন্মুক্ত বিনিয়োগ প্রস্তাব আহ্বান করেছে সেখানকার বাংলাদেশ কনস্যুলেট।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবালের বাসভবনে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় তথ্যপ্রযুক্তি (আইটি), জ্বালানি, ডেটা সার্ভিস, হসপিটালিটি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিকাশমান খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে প্রবাসীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কনসাল জেনারেল জাবেদ ইকবাল বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য কনস্যুলেট সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। বিনিয়োগ-সংক্রান্ত তথ্য, দিকনির্দেশনা, সরকারি ও বেসরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় এবং সম্ভাবনাময় খাত নির্ধারণে কনস্যুলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
