সুদের হার কত
ট্রেজারি বিলের সুদের হার মেয়াদভেদে বিভিন্ন হারের হয়। বাংলাদেশ ব্যাংকের গত ২৯ এপ্রিলের তথ্য অনুযায়ী, ৯১ দিনের বিলের হার ১০ দশমিক ১৭ শতাংশ, ১৮২ দিনের ক্ষেত্রে ১০ দশমিক ৪৯ শতাংশ এবং ৩৬৪ দিনের ক্ষেত্রে ১০ দশমিক ৬৪ শতাংশ।
ট্রেজারি বন্ডের সুদের হার তুলনামূলক বেশি। যেমন ২ থেকে ৩ বছরের বন্ডে সুদের হার ১০ দশমিক ২ থেকে ১০ দশমিক ৬ শতাংশ, ৫ বছরের বন্ডে ১০ দশমিক ৭৫ শতাংশ, ১০ বছরের বন্ডে ১০ দশমিক ৯৮ শতাংশ, ১৫ বছরের বন্ডে ১১ দশমিক ১৫ শতাংশ এবং ২০ বছরের বন্ডে ১১ দশমিক ২৩ শতাংশ।
কারা কিনতে পারেন, বিক্রির প্রক্রিয়া কী
সরকারি বিল ও বন্ড ঝুঁকিমুক্ত এবং দেশের সব শ্রেণি-পেশার নাগরিক বিল-বন্ডে বিনিয়োগ করতে পারেন। অন্যান্য বন্ডের ক্ষেত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা থাকলেও ট্রেজারি বিল ও বন্ডে তা নেই। তাই এ বন্ডে যত খুশি বিনিয়োগ করা যায়।
ন্যূনতম বিনিয়োগের পরিমাণ এক লাখ টাকা। আবাসিক ও অনাবাসিক ব্যক্তি, ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ভবিষ্য তহবিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও করপোরেট সংস্থা এগুলো কিনতে পারে। সেকেন্ডারি বাজারেও তা লেনদেনযোগ্য। বিল ও বন্ডে বিনিয়োগ করা, অর্থাৎ এগুলো কেনার জন্য বাংলাদেশ ব্যাংকে একটি বিজনেস পার্টনার আইডেন্টিফিকেশন (বিপি আইডি) হিসাব খুলতে হয়।
