তাঁর কবিতার জগৎ আবর্তিত হয় কয়েকটি মৌলিক চিন্তাকে কেন্দ্র করে, তার একটি হলো শাশ্বত নারীসত্তা। তাঁর কবিতার প্রধান নায়িকা হলেন ‘সোফিয়া’। তিনি তাঁকে কখনো প্রিয়তমা, কখনো মাতা, আবার কখনো মহাজাগতিক প্রজ্ঞা হিসেবে চিত্রিত করেছেন। তাঁর কাছে নারীত্ব হলো সেই শক্তি, যা ঈশ্বর ও মানুষের মধ্যে মিলন ঘটায়।
তাঁর অনেক কবিতায় দেখা যায় এক অন্ধকার জগৎ, যা ক্রমেই আলোর দিকে ধাবিত হচ্ছে। তিনি বিশ্বাস করতেন, পৃথিবী বর্তমানে এক ‘কুয়াশা’ বা ‘ভ্রান্তি’র মধ্যে আছে, কিন্তু আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে এই অন্ধকার কেটে যাবে।
সলোভিয়ভের কাছে প্রেম কোনো পার্থিব ভোগ নয়। তিনি মনে করতেন, দুজন মানুষের মধ্যকার প্রেম হলো আসলে সেই মহাজাগতিক ‘সর্ব-ঐক্য’-র একটি ক্ষুদ্র ঝলক। তাঁর কবিতায় প্রেম মানেই হলো নিজের ক্ষুদ্র আমিত্বকে বিসর্জন দিয়ে বৃহতের সঙ্গে যুক্ত হওয়া।
তাঁর কালজয়ী সৃষ্টি হলো ‘তিনটি সাক্ষাৎ’ (থ্রি মিটিংস)। এটি তাঁর কাব্যজীবনের শ্রেষ্ঠ কাজ হিসেবে স্বীকৃত। এই দীর্ঘ কবিতায় তিনি নিজের জীবনের তিনটি প্রধান মরমি অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন: প্রথমবার শৈশবে মস্কোর গির্জায় সোফিয়ার অস্পষ্ট রূপ দর্শন। দ্বিতীয়বার লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে গবেষণারত অবস্থায় সোফিয়ার মুখের দর্শন ও মিসরে যাওয়ার আদেশ। তৃতীয়বার মিসরের মরুভূমিতে ভোরের আলোয় সোফিয়ার পূর্ণ এবং জ্যোতির্ময় রূপ দর্শন।
সলোভিয়ভের কাব্যশৈলী বিংশ শতাব্দীর শুরুতে রাশিয়ার বিখ্যাত কবিদের যেমন, আলেকসান্দার ব্লক—এতটাই প্রভাবিত করেছিল যে তাঁরা নিজেদের ‘সলোভিয়বাদী’ বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তাঁর কবিতা থেকেই রুশ সাহিত্যে ‘সুন্দরী নারী’ বা দিব্য নারীসত্তার আরাধনা শুরু হয়।
সলোভিয়ভের কবিতা পড়ার সময় মনে হয়, তিনি যেন এই পৃথিবীর কোনো ঘটনার বর্ণনা দিচ্ছেন না, বরং পর্দার আড়ালে থাকা অন্য এক সত্যের সংবাদ দিচ্ছেন।
ভ্লাদিমির সলোভিয়ভের ব্যক্তিত্ব ছিল এক রহস্যময় ধাঁধার মতো। তিনি যেমন উচ্চশিক্ষিত দার্শনিক ছিলেন, তেমনি ছিলেন শিশুর মতো সরল আর সন্ন্যাসীর মতো নির্লোভ। তিনি কেবল একজন গম্ভীর দার্শনিক ছিলেন না, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত খামখেয়ালি, দয়ালু এবং কিছুটা অতীন্দ্রিয় স্বভাবের মানুষ।
স লো ভি য় ভে র ক বি তা
ভ্লাদিমির সলোভিয়ভের কবিতাগুলো যেন এক একটি প্রার্থনা, যেখানে তিনি জগতের নশ্বরতার মাঝে অবিনশ্বর সত্যকে খুঁজেছেন। তাঁর কবিতা তাঁর অতীন্দ্রিয় চিন্তাধারাকে আরও সহজভাবে আমাদের কাছে পৌঁছে দেয়। তিনি সব সময় মনে করতেন, কবিতা হলো আত্মার সেই ভাষা যা সাধারণ যুক্তির অতীত।
১.
আবারও দিগন্ত রক্তিম হয়ে উঠছে এক অদ্ভুত আলোয়,
পূর্ব দিক থেকে এক নতুন প্রভাত উদিত হচ্ছে।
হে গর্বিত জগৎ, তুমি কি প্রস্তুত তোমার দম্ভ বিসর্জন দিতে?
যেখানে শক্তি নয়, বরং আত্মিক জয়ই শেষ কথা।
যে আলো নামছে আকাশ থেকে, তা তরবারির নয়—
তা হলো এক অবিনশ্বর প্রেমের জয়গান।
২.
সেই মরুভূমির বালুতে, যেখানে ভোরের কুয়াশা কাটেনি এখনো,
আমি তোমাকে দেখলাম—হে নীল দিগন্তের মালিনী।
তোমার চোখে ছিল নক্ষত্রের স্থিরতা,
তোমার হাসিতে ছিল সৃষ্টির আদি গোপন কথা।
আমি বুঝলাম, এই পৃথিবী কেবল ধূলিকণা নয়—
এর প্রতিটি পরতে লুকিয়ে আছ তুমি, এক অখণ্ড ঐশ্বরিক সত্তা।
হে সোফিয়া, তুমি আমার হৃদয়ে নীল হয়ে মিশে আছ চিরকাল।
৩.
আমরা যখন একে অপরের চোখের দিকে তাকাই,
তখন আমরা আসলে কাকে খুঁজি?
এই নশ্বর রক্ত-মাংসের আড়ালে লুকিয়ে আছে এক অবিনশ্বর প্রাণ।
আমাদের প্রেম কোনো শরীরী বন্ধন নয়,
এটি হলো হারানো স্বর্গের দিকে এক গোপন যাত্রা।
আমি তোমার মধ্যে নিজেকে হারাইনি,
বরং তোমার মধ্য দিয়ে আমি সেই আদি পূর্ণতাকে খুঁজে পেয়েছি।
৪.
রাত যদি গভীর হয়, তবে ভয় পেয়ো না,
অন্ধকার কেবল আলোরই এক ছদ্মবেশ।
আমরা যে কুয়াশার জালে নিজেদের বন্দী করে রেখেছি,
একবার চোখ তুলে তাকালেই দেখবে—সেই উজ্জ্বল তারাটি এখনো জ্বলে।
সত্য কখনো মরে না, সে কেবল কবরের নিস্তব্ধতায় অপেক্ষা করে
এক মহিমান্বিত পুনরুত্থানের জন্য।
