শিল্পী কুমার বিশ্বজিতের সঙ্গে পরিচয় প্রসঙ্গে জবান আলী সেদিন জানান, তাঁর প্রেমের মানুষ গানটি সুর করে প্রথমে গেয়েছিলেন সুনামগঞ্জের সুরকার ও সংগীতশিল্পী অলক বাপ্পা। অলক বাপ্পার সঙ্গে পরিচয় ছিল কুমার বিশ্বজিতের। একদিন অলক বাপ্পা গানটি কুমার বিশ্বজিতের সামনে গাইলে তিনি গানটি পছন্দ করেন। এরপর জবান আলীকে ডেকে নেন কুমার বিশ্বজিৎ। পরিচয় ও খাতির হয়। পরে ২০০৯ সালে এই গানটি তিনি গেয়েছেন। এরপর তাঁর ‘আমার মাথাটা ঘুরায়/ কলিজা কামড়ায় বুঝি বাঁচা ভীষণ দায়/ রস খইয়া বিষ খাওয়াইলো প্রাণও বন্ধুয়ায়…।’ গানটিও গেয়েছেন কুমার বিশ্বজিৎ। এরপর নানা মাধ্যমে তাঁর গান সংগীতশিল্পী অলক বাপ্পা, কাজী শুভ, খায়রুল ওয়াসী, ঝুমা, মুনসহ অনেকে গেয়েছেন।

জবান আলী সেদিন বলেছিলেন, ‘যারা প্রেমে পড়ে, প্রেমে মজে তারা সর্বদা তার প্রিয় মানুষটারে নিয়াই থাকে। শয়নেস্বপনে তারেই দেখে, তারে নিয়া ভাবে। তার নিদ্রা নাই। সে সব সময় এক রকম। শুধু মনের মানুষরে খোঁজে।’ এই ভাবটাই গানে বলেছেন তিনি।

জবান আলীর গানে প্রেম–বিরহ যেমন আছে, তেমনি রয়েছে সৃষ্টিকর্তার প্রতি গভীর টান, ভক্তি। তিনি গানে সমাজের নানা অসংগতিও তুলে ধরেছেন। জবান আলী এক গানে লিখেছেন, ‘কর্মের ভেতরে ধর্ম জন্ম জন্মান্তর/ আমি কই আগে কর্ম কর/ ধর্ম করিতে হইলে আগে কর্ম কর।’



Source link