ঈদের দিন সন্ধ্যায় চুলায় রান্না হচ্ছিল গরুর মাংস। ক্ষুধার্ত ছেলে বারবার মাকে বলছিল, ‘তাড়াতাড়ি রুটি দাও, মাংস দাও।’ কিন্তু মায়ের হাতের সেই রান্না আর খাওয়া হয়নি কিশোর মো. ইব্রাহিমের (১৫)। বাড়ির পাশে সংঘর্ষের কথা শুনে বের হয়ে প্রাণ গেল তার। ছেলেকে হারিয়ে আহাজারি করছেন মা নুর নাহার বেগম। এক মুহূর্তে শেষ হয়ে গেছে ঈদের আনন্দ।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায়। নিহত ইব্রাহিম স্থানীয় বাসিন্দা শামশুল আলমের ছেলে। মা-বাবার বিচ্ছেদের পর মায়ের সঙ্গে থাকত সে।

পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় ঘটনাস্থলে গিয়ে মারধরের শিকার হয় ইব্রাহিম। এ ঘটনায় রবিউল আলম (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।



Source link