পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, মূল্যবান সামগ্রী চুরি ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী বলেন, আজ সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কালীমন্দিরের পাশের শিবঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। প্রতিমার বিভিন্ন অংশ বাইরে এনে আগুনে পোড়ানো হয়েছে। এ ছাড়া শ্মশানের মূল ফটকের দুটি তালা ভাঙা হয়েছে। মন্দিরের প্রণামি বাক্স এবং মৃতদেহ সৎকারের কাজে ব্যবহৃত কাঁসা, পিতল ও তামার বিভিন্ন সামগ্রী পাওয়া যায়নি। পূজার বিভিন্ন উপকরণসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
