গুঞ্জনই সত্যি হলো। ২০২৩ সালে সর্বশেষ ভারতের হয়ে টি-টুয়েন্টি খেলা শ্রেয়াস আইয়ার এখন ভারতের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক।

গত ফেব্রুয়ারি–মার্চে ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার শুধু অধিনায়কত্বই হারাননি, বাদ পড়েছেন দল থেকেও। আজ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ভারত।

চমকের এখানেই শেষ নয়। প্রথমবার ভারতের জাতীয় দলে সুযোগ পেয়েছেন ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। আইপিএলে ২০০–এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করার ফল পেলেন হাতেনাতে।

২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ।

আয়ারল্যান্ড বা ইংল্যান্ড সফরে অভিষেক হলেই ১৬ বছর পূর্ণ হওয়ার আগে আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন সূর্যবংশী। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছিল যথাক্রমে ১৬ বছর ২০৫ দিন ও ১৬ বছর ২৩৮ দিন বয়সে।



Source link