সভাপতির বক্তব্যে মোহাম্মদ আজম বলেন, আল মাহমুদ বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি। তিনি ঢাকা শহরের জাতীয়তাবাদী রাজনৈতিক-নান্দনিক পরিপ্রেক্ষিতের মধ্যে বৃহৎ বাংলাকে হাজির করেছেন। তার আত্মা ও ভাষাকে আবিষ্কার করেছেন। কালকে প্রভাবিত করার ক্ষমতা আল মাহমুদের রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান
এর আগে বাংলা একাডেমি আয়োজিত ‘সেমিনার সিরিজ-২০২৫-২৬’ শীর্ষক এই দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল সকাল ১০টায়। সংস্কৃতিসচিব কানিজ মওলা প্রধান অতিথি হিসেবে সেমিনার সিরিজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারি উদ্যোগে অগ্রজ গুণীজনদের সম্মান জানানো এবং তাঁদের অবদান পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধারার লক্ষ্য নিয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এই সেমিনার সিরিজের আয়োজন করা হয়েছে। গুণীজনদের দীর্ঘ তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমিকভাবে তাঁদের নিয়ে আলোচনা, সেমিনার হবে। শুধু প্রবীণ নয়, নবীন গুণীজনের কাজ নিয়েও এমন আয়োজন করা হবে, যেন নতুন প্রজন্মের গুণীজনেরা অনুপ্রাণিত হতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও ধন্যবাদ জানান একাডেমির সচিব মো. সেলিম রেজা।
