কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ডস্টোরেজের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লাগামী শাহআলী সুপার নামের যাত্রীবাহী বাস উল্টো পথে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ দুজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে।
