সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতীয় হাইকমিশনার ভারতের সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে অখণ্ড ভারতের কথা বলেছেন। এটি দিবাস্বপ্নই থেকে যাবে, বাস্তবে পরিণত হবে না।
এ সময় সীমান্তে হত্যা, নির্যাতন, পুশ ইন বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি তাঁরা সসম্মানে পদত্যাগ না করেন, টেনেহিঁচড়ে তাঁদের পদত্যাগ করানো হবে।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন, সরকার যাদের ইশারা ও সহযোগিতায় ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধে এখন কথা বলতে ভয় পাচ্ছে—এটা প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ ভারতের তাঁবেদারি মেনে নেবে না।
সভাপতির বক্তব্যে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গতকাল রোববার সীমান্তে পুশ ইন নিয়ে সংসদে আলোচনার এজেন্ডা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা জানি না, কোন কালো হাতের ইশারায় এই আলোচনা স্থগিত করা হয়েছে।’
