এই পর্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহসভাপতি নিগার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মানজার চৌধুরী।
পরে সত্যেন সেনের কবিতা ‘মানুষের কাছে পেয়েছি যে বাণী তাই দিয়ে রচি গান’ আবৃত্তি ও গানের যুগলবন্দী পরিবেশন করেন নায়লা তারান্নুম ও নবনীতা জাহিদ।
সত্যেন সেনের গান ‘আজব কাণ্ড ঘটেছে রে ভাই’ পরিবেশন করেন সুরাইয়া পারভীন। পরে ছিল বিভিন্ন সংগঠনের শিল্পীদের দলীয় সংগীত, নৃত্য ও বিশিষ্ট শিল্পীদের একক সংগীত।
দলীয় সংগীতের মধ্যে ঋষিজ শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘মানুষের মাঝে বসবাস করি’, ক্রান্তি শিল্পীগোষ্ঠীর পরিবেশনা ছিল ‘নতুন দিনের নতুন ভোরে ডাক দিয়ে যায়’, বহ্নিশিখার শিল্পীরা গেয়েছেন ‘আজ যত যুদ্ধবাজ’। গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার শিশুরা পরিবেশন করে ‘ও আমার দেশের মাটি’। অণিক বসুর পরিচালনায় ‘আজি এ বসন্তে’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা।
একক আবৃত্তি করেছেন রফিকুল ইসলাম ও সৈয়দ ফয়সাল আহমদ। একক শিল্পীদের মধ্য সংগীত পরিবেশন করেছেন রত্না সরকার, এস এম মেজবা, শ্রাবণী গুহ রায় ও তামান্না নিগার।
