শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পাবলিক পরীক্ষা, চাকরি, শিক্ষক নিয়োগ বা যেকোনো নিয়োগের পরীক্ষায় নকল হলে শাস্তির মুখোমুখি হতে হবে। গতকাল শনিবার এসএসসি ও সমমান পরীক্ষা–২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে পরীক্ষায় নকল প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বছর পরীক্ষায় যেসব বিদ্যালয়ের পাসের হার শূন্য হবে, গ্রেস পিরিয়ড হিসেবে তাদের এমপিও বাতিল করা হবে না। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি রাখতে হবে। এ সিসিটিভি স্থায়ী থাকবে, যাতে ক্লাসের লেখাপড়া মনিটর করা যায়। কোচিং সেন্টার পর্যায়ক্রমে বন্ধ করা হবে শিক্ষাপ্রতিষ্ঠান এ ‘ইন হাউস’ কোচিং চালু করার মাধ্যমে। এই ইন হাউস কোচিং এ যে ছাত্র যে বিষয়ে দুর্বল, সেই বিষয়ে পাঠদান করা হবে।
