সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে চলছে ৬৯তম বার্ষিক ও ১৭তম জাতীয় বিজ্ঞান উৎসব। তিন দিনের এই বিজ্ঞান উৎসব শুরু হয়েছে গত ১০ এপ্রিল, শুক্রবার। উৎসব চলবে আগামী ১২ এপ্রিল, রোববার পর্যন্ত। এতে প্রায় ৬০টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এ বছর বিজ্ঞান উৎসবের মূল প্রতিপাদ্য হলো—‘টেকনোলজি উইদাউট এথিকস ইনভাইটস ক্যাটাস্ট্রফি’।

১০ এপ্রিল, প্রথম দিন বিজ্ঞান মেলার প্রদর্শনী শুরু হয়। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় বিকেল ৩টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসান মাহমুদ খান বলেন, ‘স্কুলের এই মাঠ আমাকে অনুপ্রাণিত করে। এই বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণা আমার স্মৃতির সঙ্গে বিজড়িত। তোমরা এখন এক বিস্ময়কর সময়ে আছ। মহাকাশ গবেষণা থেকে শুরু করে এআই, সব এখন তোমাদের হাতের মুঠোয়। তোমরা প্রশ্ন করতে ভয় পেয়ো না। একটি ছোট প্রশ্নই একটি বড় আবিষ্কারের কারণ হতে পারে।’

বিজ্ঞান মেলায় সারা দেশের স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। মেলায় মোট ৫টি গ্রুপে অংশ নেয় শিক্ষার্থীরা। তৃতীয়-চতুর্থ শ্রেণির জন্য কিডস গ্রুপ, পঞ্চম-ষষ্ঠ শ্রেণির জন্য জুনিয়র গ্রুপ, সপ্তম-অষ্টম শ্রেণির জন্য ইন্টারমিডিয়েট গ্রুপ, নবম-দশম শ্রেণির জন্য সিনিয়র গ্রুপ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য কলেজ গ্রুপ।



Source link