হাওড়া জেলার পাঁচলায় নির্বাচনী জনসভায় পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির পতন শুরু হয়ে গেছে। চূর্ণ হয়েছে ওদের সব লম্ফঝম্প। ক্ষমতায় থাকছে তৃণমূলই। বিজেপির ক্ষমতায় আসার স্বপ্ন চুরমার হয়ে গেছে।’
মমতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিহারে আসলে এসআইআর (নিবিড় ভোটার তালিকা সংশোধন) হয়নি। ওরা এসআইআর করার জন্য একমাত্র টার্গেট করেছে এই বাংলাকে। এসআইআরের নামে যত হেনস্তা, যত অত্যাচার হয়েছে, মানুষ এবার ভোটের মাধ্যমে তার সব অভিযোগের জবাব দিয়ে দেবে। বিপুল ভোটে আবার ক্ষমতায় আসবে তৃণমূল।’
বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের প্রসঙ্গ টেনে মমতা বলেন, বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে এখন বাঙালিদের হেনস্তা করা হয়। বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া এই রাজ্যের সব পরিযায়ী শ্রমিক হেনস্তার শিকার হচ্ছেন। যে বিজেপি কেন্দ্রের সরকারই ঠিকমতো চালাতে পারে না, তারা আবার আসতে চায় বাংলায়! মানুষ এবারও তৃণমূলের জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন কর্মসূচিকে দুহাত ভরে আশীর্বাদ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে মমতা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং হাওড়ার উলুবেড়িয়াতেও দলীয় নির্বাচনী প্রচার সভায় ভাষণ দেন।
