কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী গোদাগাড়ীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রাতে র্যাব-১২–এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাজীব মিস্ত্রি পীর হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। তাঁর বাড়ি দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরের দারোগার মোড় এলাকায়। তিনি পেশায় কাঠমিস্ত্রি।
এ নিয়ে এ পর্যন্ত এজাহারভুক্ত একজন আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হলো। রাজীবকে আজ শুক্রবার দৌলতপুর থানায় সোপর্দ করা হবে বলে র্যাব সূত্র জানিয়েছে।
