আজ সকাল সাড়ে নয়টায় শুরু হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগের ৬টি ম্যাচ। এর মধ্যে পাঁচটি ম্যাচ শুরু হয় ঠিক সময়েই। কিন্তু বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়ন ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়নি। কারণ, মাঠে গিয়েও খেলতে অস্বীকৃতি জানান ব্রাদার্সের ক্রিকেটাররা।
দলটির একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন, চুক্তির পর তাঁদের পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশ অর্থ দেওয়া হয়েছে। বারবার তাগাদা দিয়েও পারিশ্রমিকের বাকি টাকা না পাওয়ায় তাঁরা ম্যাচ বর্জন করতে বাধ্য হয়েছেন।
