হাজরাপুর ইউনিয়নের বিবদমান পক্ষগুলোর একটির নেতৃত্ব দেন হাজরাপুর ইউনিয়ন পরিষদের বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম। এলাকার সংঘাতের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকায় আমাদের মধ্যে এগুলো (সংঘাত ও সংঘর্ষ) লেগেই আছে। তবে পুলিশ সুপারের উদ্যোগে দুই পক্ষের আলোচনায় এলাকায় দীর্ঘদিনের যে সমস্যা ও দলাদলি ছিল, এই খেলার মাধ্যমে তার একটি ইতিবাচক সমাধান বলে মনে হচ্ছে। সমাজে কিছু বিশৃঙ্খল লোক আছেন। তাঁরা ছাড়া বেশির ভাগ লোকই শান্তি চান।’
ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। খেলা শুরুর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের সূচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘আজ এই খেলার মাধ্যমে আমাদের মধ্যে, এই হাজরাপুর, হাজরাপুরের মানুষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের যে বিবাদ, যে মারামারি, হানাহানি ও সহিংসতার ঘটনা ঘটেছিল, তার ইতি ঘটাব আমরা, ইনশা আল্লাহ। কোনো ধরনের সহিংসতা বা বিভেদ সমাজের জন্য কাম্য নয়; বরং মিল–মহব্বত ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সবাইকে এগিয়ে যেতে হবে।’
