শুরুতেই একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ। বিশ্বকাপ কে জিতবে—এই প্রশ্নের উত্তর আশা করে যদি এই লেখা পড়তে শুরু করে থাকেন, তাহলে আর না এগোনোই ভালো। অনেক কিছুই লিখব বলে ঠিক করে রেখেছি, শুধু ওই প্রশ্নটার উত্তর ছাড়া। কেন, কী কারণে এই প্রতিজ্ঞা?
একটা কারণ তো সেই কবেই বলে গেছেন নোবেলজয়ী পদার্থবিদ নিলস বোর। বাংলা করলে যা অনেকটা এমন হয়—পূর্বাভাস দেওয়ার কাজটা খুব কঠিন, বিশেষ করে তা যদি ভবিষ্যৎ নিয়ে হয়।
তা পূর্বাভাস মানেই তো ভবিষ্যতের কিছু আগাম বলা, তাহলে নিলস বোরের মতো জ্ঞানী মানুষ এমন ফালতু একটা কথা কীভাবে বলেন? আপনি যদি এ প্রশ্ন করে বসেন, আমি কোনো উত্তর দেব না। শুধু আপনার রসবোধ, বলা ভালো, সেটির অভাব নিয়ে একটু মন খারাপ করব।
সবার অবশ্য সবকিছু থাকেও না। তিনবার ফাইনাল খেলেও নেদারল্যান্ডসের যেমন একটা বিশ্বকাপও নেই। নিশ্বাসদূরত্বে গিয়েও শূন্য হাতে ফেরার হ্যাটট্রিকে শুধু ডাচদেরই একক অধিকার। ২০১০ বিশ্বকাপের আগপর্যন্ত ‘রেকর্ড’টিতে হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ার অংশীদারত্ব ছিল। প্রথম সাতটি বিশ্বকাপের মধ্যেই এই দুই দেশের দুবার করে ফাইনালে স্বপ্নভঙ্গের অভিজ্ঞতা হয়ে গেছে।
